
হারাধন সূত্রধর, ব্যুরো প্রধান ময়মনসিংহ:
নেত্রকোনার পূর্বধলায় উৎসবমুখর পরিবেশে শিশু-কিশোর ও তরুণদের ক্রীড়া প্রতিভা অন্বেষণমূলক দেশব্যাপী প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এবং স্থানীয় পর্যায়ে ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হলরুম ও মাঠে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের ৫০৩টি উপজেলায় ভার্চুয়ালি এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে পূর্বধলা থেকেও সরাসরি উপভোগ করেন উপস্থিত অতিথি, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও ক্রীড়াপ্রেমীরা। পরে পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবলে কিক দিয়ে স্থানীয় পর্যায়ের ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিরা।
উদ্বোধনী ম্যাচে বিশকাকুনী ইউনিয়ন ও ধলামূলগাঁও ইউনিয়নের দল মুখোমুখি হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বিশকাকুনী ইউনিয়নকে ৪-২ গোলে হারিয়ে জয়লাভ করে ধলামূলগাঁও ইউনিয়ন। খেলা ঘিরে মাঠে উপস্থিত দর্শক ও তরুণ খেলোয়াড়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, পূর্বধলা থানার তদন্ত কর্মকর্তা মো, হাবিবুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আলাউদ্দিন খাঁন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মান্নান ও আনোয়ারুল ইসলাম (আনার), পূর্বধলা জগৎমণি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী মামুন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেবিএম নোমান শাহরিয়ার, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, উপজেলা যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদ।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, তৃণমূল পর্যায় থেকে আগামী দিনের প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করে জাতীয় পর্যায়ে তুলে আনার লক্ষ্যে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথম আসরের সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয় আসরে ১৬ লাখ ২৩ হাজার ২১৮ জন শিশু-কিশোর ও তরুণ ক্রীড়াবিদ অনলাইনে নিবন্ধন করেছে।
আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের ক্রীড়া আয়োজনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে নতুন নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। পাশাপাশি তরুণ প্রজন্ম খেলাধুলার প্রতি আরও আগ্রহী হবে এবং মাদক, অপরাধ ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এডিটর মোঃ মাইদুল ইসলাম। চিফ এডিটর মোঃ রেজন মিয়া। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর। ইমেইল: gunshikha1@gmail.
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।