প্রেম তো আমিও করেছিলাম। বিনিময়ে কিছু স্মৃতি পেয়েছি, কষ্ট পেয়েছি। একটা সময় আনন্দও পেয়েছিলাম। মানুষটাকে ঘিরে কত কিছু ভেবেছিলাম, অথচ আজ সে আমার জীবনের একটা অতীত মাত্র।
মাঝেমধ্যে ভাবি, কতটা ভালোবাসলে তাকে পেতাম? আরও বেশি ভালোবাসলে কি থেকে যেত? একটু বেশি বুঝলে, একটু বেশি মানিয়ে নিলে, নিজের অভিমানগুলো চেপে রাখলে কি পরিণতি অন্যরকম হতো?
আমি জানি না।
আমিও চেয়েছিলাম, কেউ আমাকে ভালোবাসুক। আমার কথা বুঝুক, আমার মন খারাপের কারণ জানতে চাক। যার কাছে নিজের দুর্বলতাগুলো লুকাতে হবে না, যার কাছে সবসময় শক্ত থাকার অভিনয় করতে হবে না। আমিও চেয়েছিলাম, কেউ আমাকে নিজের মানুষ ভাবুক।
হয়তো মানুষটাকে পাওয়ার চেষ্টায় কখনো ভুল করেছি, কখনো নিজের চাওয়াগুলোও ভুলে গেছি। কিন্তু ভালোবাসাটা তো মিথ্যে ছিল না। একসময় তার সঙ্গে কথা বলে আমার দিন ভালো কেটেছে, তার জন্য মন খারাপ হয়েছে। সেই আনন্দ আর কষ্ট দুটোই আমার জীবনের অংশ।
শুধু শেষ পর্যন্ত মানুষটাকে পাওয়া হয়নি।
এখনো বুঝতে পারি না, আমার ভালোবাসায় কমতি ছিল, নাকি কিছু সম্পর্ক চাইলেই পূর্ণতা পায় না।
তবে একটা কথা জানি, আমি শুধু কাউকে ভালোবাসতে চাইনি, আমিও চেয়েছিলাম কেউ আমাকে ভালোবাসুক।
হয়তো মানুষটাকে হারানোর কষ্টের চেয়েও বড় কষ্ট হলো, যে ভালোবাসা আমি তাকে দিতে চেয়েছিলাম, সেই ভালোবাসাটুকু নিজের জন্যও চেয়েছিলাম।
কতটা ভালোবাসলে তাকে পেতাম?
সাবিত রিজওয়ান
(একজন গৃহবন্দীর কথা)
এডিটর মোঃ মাইদুল ইসলাম। চিফ এডিটর মোঃ রেজন মিয়া। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর। ইমেইল: gunshikha1@gmail.
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।