
খুলনা প্রতিনিধিঃ
খুলনা মহানগরীর ইকবালনগরে ৩৬, আয়েশা কটেজে অবস্থিত খুলনা আর্ট একাডেমি। চারুকলা শিক্ষা ও সংস্কৃতিচর্চার পাশাপাশি এখানে গড়ে তোলা হয়েছে একটি ঐতিহ্য সংগ্রহশালা। চিত্রশিল্পী মিলন বিশ্বাসের উদ্যোগে ২০২২ সালে প্রতিষ্ঠিত এই সংগ্রহশালায় বর্তমানে তিন শতাধিক পুরোনো ও বিলুপ্তপ্রায় ব্যবহার্য সামগ্রী সংরক্ষিত রয়েছে। অতীতের জীবনযাত্রা, প্রযুক্তি ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই সংগ্রহশালার অন্যতম উদ্দেশ্য।সম্প্রতি সংগীতশিল্পী আব্দুল হক খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালায় দুটি পুরোনো রেডিও সেট উপহার দিয়েছেন। তাঁর দেওয়া সামগ্রীর মধ্যে রয়েছে সেন্ট্রি কোম্পানির তৈরি মিনি বুম বক্স রেডিও এবং সনি কোম্পানির শিশুদের উপযোগী পোর্টেবল রেডিও ক্যাসেট রেকর্ডার।উপহার দেওয়া একটি রেডিওর মডেল এমবিবিআরসি, যা ২০০০-এর দশকের। অন্যটি সনি কোম্পানির ‘মাই ফার্স্ট সনি’ সিরিজের সিএফএস–২০২০ মডেলের রেডিও ক্যাসেট রেকর্ডার, যা আনুমানিক ১৯৮০-এর দশকের শেষভাগ থেকে ১৯৯০-এর দশকের শুরুর দিকের।সংগীতচর্চার সঙ্গে যুক্ত আব্দুল হকের এই উপহার অতীতের সংগীতজীবনের স্মৃতি সংরক্ষণে বিশেষ তাৎপর্য বহন করে। একসময় রেডিও ও ক্যাসেট রেকর্ডার ছিল গান শোনা এবং সংগীত উপভোগের জনপ্রিয় মাধ্যম। সময়ের পরিবর্তনে এসব যন্ত্রের ব্যবহার কমে গেলেও ঐতিহাসিক নিদর্শন হিসেবে এগুলো অতীতের প্রযুক্তি ও সাংস্কৃতিক জীবনের স্মৃতি বহন করে চলেছে।সম্প্রতি দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ইউটিউব ও ফেসবুক পেজে খুলনা আর্ট একাডেমির ঐতিহ্য সংগ্রহশালা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে সংগ্রহশালার কার্যক্রম এবং চিত্রশিল্পী মিলন বিশ্বাসের ঐতিহ্য সংরক্ষণের উদ্যোগ তুলে ধরা হয়।সংগীতশিল্পী আব্দুল হকের এই অনন্য উপহার সংগ্রহশালার সংগ্রহকে আরও সমৃদ্ধ করেছে। এসব পুরোনো যন্ত্র সংরক্ষণের মাধ্যমে অতীতের সংগীতচর্চা ও প্রযুক্তির ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
