রংপুরের মিঠাপুকুরে সামাজিক ও মানবিক সংগঠন বেগম রোকেয়া যুব ব্লাড ডোনার ও দারিদ্র্য ফাউন্ডেশন-এর উদ্যোগে ১২তম ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও মেডিকেল চেকআপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার শালাইপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের শুরুতে বৃক্ষরোপণের মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর শিক্ষার্থী ও স্থানীয় মানুষের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করা হয়।
ক্যাম্পে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাদকবিরোধী সচেতনতা, সামাজিক দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও সমাজের প্রতি তরুণ প্রজন্মের ভূমিকা নিয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। পাশাপাশি রক্তদান ও জরুরি প্রয়োজনে রক্তের প্রয়োজনীয়তা সম্পর্কেও উপস্থিতদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হয়।
আয়োজকরা জানান, মানুষের পাশে দাঁড়ানো এবং তরুণদের মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই সংগঠনটির বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্যসেবা, বৃক্ষরোপণ, মাদকবিরোধী সচেতনতা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
ক্যাম্পে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী অংশগ্রহণ করেন। তাদের সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১২তম ক্যাম্পিং সফলভাবে সম্পন্ন হয়।
বেগম রোকেয়া যুব ব্লাড ডোনার ও দারিদ্র্য ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক সেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করে সমাজের অসহায় ও প্রয়োজনগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম লক্ষ্য।
এডিটর মোঃ মাইদুল ইসলাম। চিফ এডিটর মোঃ রেজন মিয়া। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর। ইমেইল: gunshikha1@gmail.
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।