147

 

, নরসিংদী প্রতিনিধি :

নরসিংদীর সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহীদ সাইফুল ইসলাম ও তার ছোট ভাই রিপন হত্যাকাণ্ডের ১৯ বছর পেরিয়ে গেলেও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা হত্যা মামলাটি পুনরায় সচল করে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান নিহত সাইফুল ইসলামের পরিবারের সদস্যরা।
সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষে বক্তব্য দেন সাহিদ সরকার। তিনি বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর প্রকাশ্য দিবালোকে হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সভাপতি ও সাবেক চেয়ারম্যান ইউসুফ খান পিন্টুর নেতৃত্বে সাইফুল ইসলাম ও তার ছোট ভাই রিপনকে হত্যা করা হয় বলে তাদের অভিযোগ।
তিনি আরও জানান, এ ঘটনায় ইউসুফ খান পিন্টুসহ ২৩ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু ২০০৯ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার মামলাটিকে ‘রাজনৈতিক মামলা’ হিসেবে আখ্যায়িত করে খারিজ করে দেয় বলে পরিবারের দাবি।
নিহতদের স্বজনরা বলেন, দীর্ঘ ১৯ বছর ধরে তারা ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। তারা মামলাটি পুনরায় তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।