নরসিংদী প্রতিনিধি
: বিএনপির সাবেক মহাসচিব এবং সাবেক এলজিআরডি মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নরসিংদীর শিবপুরে আলোচনা সভা, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ জুলাই মরহুমের সমাধিতে ও শিবপুরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
এদিন সকাল ১০টায় আবদুল মান্নান ভূঁইয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন আবদুল মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব এবং শিবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম মৃধা। এ সময় তাঁর সাথে স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরবর্তীতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আবদুল মান্নান ভূঁইয়ার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করে গভীর শ্রদ্ধাভরে স্মৃতিচারণ করেন।