
নিজস্ব প্রতিবেদক
ইউরোপে ভালো চাকরি ও উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে মানব পাচারকারী চক্রের মাধ্যমে লিবিয়ায় পাঠানোর পর নিখোঁজ হয়ে গেছেন দেশের বিভিন্ন জেলার বহু তরুণ।
২০২৬ সালের এপ্রিল মাস থেকে এ পর্যন্ত নিখোঁজদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক তরুণের বাড়ি মাদারীপুর জেলায় বলে জানা গেছে।
পরিবারগুলোর অভিযোগ, দালালচক্র মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তাদের সন্তানদের ইউরোপে পৌঁছে দেওয়ার আশ্বাস দেয়। সেই প্রলোভনে অনেকেই বাংলাদেশ থেকে লিবিয়ায় যান। কিন্তু সেখানে পৌঁছানোর পর থেকে অনেকের সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
নিখোঁজ তরুণদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তারা বর্তমানে লিবিয়ার কোনো ডিটেনশন ক্যাম্পে আটক আছেন কিনা, মানব পাচারকারীদের আস্তানায় জিম্মি রয়েছেন কিনা, নাকি ইউরোপে যাওয়ার ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে ভূমধ্যসাগরে দুর্ঘটনার শিকার হয়েছেন— সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য জানে না তাদের পরিবার।
নিখোঁজদের মধ্যে রয়েছেন ইমরান রহমান(২৫), তিনি মাদারীপুর সদর উপজেলার দত্ত কেন্দুয়া গ্রামের (ওয়ার্ড নং-৪) বাসিন্দা গোলাম মাওলা মাতুব্বরের ছেলে।
পরিবারের সদস্যদের দাবি, প্রায় ১৫ দিন আগে সর্বশেষ তার সঙ্গে যোগাযোগ হয়েছিল। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
ইমরানের পরিবারের সদস্যরা আরও জানান, ছেলের নিরাপত্তা নিয়ে তারা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছেন।
একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন আরও অনেক পরিবার, যারা তাদের স্বজনদের সন্ধানের অপেক্ষায় রয়েছেন।
ভুক্তভোগী পরিবারগুলো নিখোঁজ তরুণদের সন্ধান এবং মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। সহ-সম্পাদক: মোঃ মাইদুল ইসলাম। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর।
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।