নরসিংদীতে ভূমিমেলা ২০২৬’র উদ্বোধন;
নরসিংদী প্রতিনিধি:
“স্মার্ট ভূমি, সুরক্ষিত ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে শুরু হয়েছে “ভূমিমেলা ২০২৬”। ভূমিসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং ভূমি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে জেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মাহমুদা বেগম, নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিফতাহুল হাসান।
এছাড়াও রাজনৈতিক, সামাজিক ও সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন, নরসিংদী এবং বাস্তবায়নে রয়েছে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস।
আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় ভূমি উন্নয়ন কর পরিশোধ, নামজারি, খতিয়ান, ই-নামজারি, অনলাইন ভূমিসেবা, ভূমি সংক্রান্ত অভিযোগ নিষ্পত্তি ও নাগরিক সচেতনতামূলক বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে। সাধারণ মানুষ যাতে সহজ, দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমিসেবা গ্রহণ করতে পারেন, সেটিই এ আয়োজনের মূল লক্ষ্য।
মেলাকে ঘিরে পুরো অনুষ্ঠানস্থলকে সাজানো হয় বর্ণিল সাজে। ফুল, ফেস্টুন, আলোকসজ্জা ও দৃষ্টিনন্দন ডিজাইনে তৈরি করা হয় মূল মঞ্চ। সকাল থেকেই সাধারণ মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। বিভিন্ন সেবামূলক স্টলে গিয়ে নাগরিকরা সরাসরি তথ্য ও পরামর্শ গ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের ধারাবাহিকতায় ভূমি ব্যবস্থাপনাকেও প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ করা হচ্ছে। অনলাইনের মাধ্যমে ভূমিসেবা সহজ হওয়ায় সাধারণ মানুষের সময়, অর্থ ও ভোগান্তি কমছে।
এ সময় নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার ভূমি বিষয়ে শিক্ষামূলক কারিকুলাম প্রণয়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, “ভূমি সংক্রান্ত জটিলতা ও বিরোধ কমাতে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ভূমি আইন, খতিয়ান, নামজারি ও নাগরিক অধিকার বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া প্রয়োজন। তাই জাতীয় শিক্ষা কারিকুলামে ভূমি বিষয়ক শিক্ষা অন্তর্ভুক্ত করা সময়ের দাবি।”
তার এ বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেন জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মাহমুদা বেগম। তারা বলেন, ভূমি সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের অজ্ঞতার সুযোগ নিয়ে অনেক সময় প্রতারণা ও হয়রানির ঘটনা ঘটে। শিক্ষার্থীদের প্রাথমিক পর্যায় থেকেই ভূমি বিষয়ে সচেতন করা গেলে ভবিষ্যতে এ ধরনের জটিলতা অনেকাংশে কমে আসবে।
এদিকে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, “সরকার ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও জনবান্ধব করতে কাজ করে যাচ্ছে। প্রযুক্তিনির্ভর সেবার মাধ্যমে জনগণের দুর্ভোগ কমানো সম্ভব হয়েছে। ভূমি অফিসে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “ভূমি বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য ভূমিমেলার মতো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সাধারণ মানুষকে হয়রানিমুক্ত সেবা দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে।”
জেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, সরকারের ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা কার্যক্রম জনগণের কাছে আরও সহজভাবে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের ভূমিমেলা সাধারণ মানুষের মাঝে ভূমিসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সেবাগ্রহণ প্রক্রিয়া সহজ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। সহ-সম্পাদক: মোঃ মাইদুল ইসলাম। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর।
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।