উপজেলা প্রতিনিধি, হাতিয়া (নোয়াখালী)
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ নিজ এলাকায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার এলাকায় এই ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বর্তমানে ঘটনাস্থলের সড়কে অবস্থান নিয়েছেন সংসদ সদস্য।
যেভাবে হামলার সূত্রপাত স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ নিতে এবং এলাকা পরিদর্শনে গিয়েছিলেন এমপি হান্নান মাসউদ। তিনি প্রকল্প বাজার এলাকায় পৌঁছামাত্রই একদল দুর্বৃত্ত তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। এই খবর ছড়িয়ে পড়লে এমপির সমর্থকদের সাথে হামলাকারীদের দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং অপরাধীদের গ্রেপ্তারের দাবিতে এমপি মাসউদ নিজেই সড়কে বসে পড়েন।
হামলার নেপথ্যে কারা? ঘটনাস্থলে অবস্থানরত এমপি হান্নান মাসউদ সাংবাদিকদের জানান, “আমি ক্ষতিগ্রস্তদের পরিদর্শনে এলে চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত বেলাল মাঝির নেতৃত্বে আমাদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন আহত হয়েছেন। এই বেলাল মাঝি ২০১৮ সালেও সাবেক এমপি ফজলুল আজিমের ওপর হামলা চালিয়েছিল। তাঁকে গ্রেপ্তার না করা পর্যন্ত আমি এখান থেকে একচুলও নড়বব না।”
থমথমে পরিস্থিতি ও পুলিশের বক্তব্য হামলার পর থেকে প্রকল্প বাজার এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উভয় পক্ষই লাঠিসোঁটা নিয়ে সড়কের দুই পাশে অবস্থান নিয়েছে। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানিয়েছেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। তিনি নিজেও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং বড় ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। সহ-সম্পাদক: মোঃ মাইদুল ইসলাম। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর।
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।