নিজস্ব প্রতিবেদক
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা-১২ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী সাইফুল আলম খান মিলনের নির্বাচনি সমাবেশে মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকেই নির্ধারিত সময়ের আগে সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
রাজধানীর বিভিন্ন থানা ও ওয়ার্ড থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যানার-ফেস্টুন নিয়ে সমাবেশে যোগ দেন। সমাবেশে তরুণ, শিক্ষার্থী, ব্যবসায়ীসহ স্থানীয় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার আগে থেকেই পুরো এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। সমাবেশে উপস্থিত জনতা ‘আল্লাহর আইন ও সৎ লোকের শাসন’ এবং সম্প্রতি শেরপুরে ঘটে যাওয়া সহিংসতার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা রয়েছে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের। সমাবেশে স্থানীয় সাইমুম শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে ইসলামি সংগীত ও নির্বাচনি নাটিকা পরিবেশন করা হয়, যা উপস্থিত ভোটারদের মধ্যে বিশেষ উদ্দীপনা তৈরি করে।
ঢাকা-১২ আসনের প্রার্থী সাইফুল আলম খান মিলন তাঁর নির্বাচনি ইশতেহার তুলে ধরে বলেন, নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাবেন। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কারওয়ান বাজার এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঢাকায় জামায়াতের এই বিশাল জনসমাগম নির্বাচনি মাঠে দলটির শক্তিশালী অবস্থানেরই ইঙ্গিত দিচ্ছে।
এডিটর মোঃ মাইদুল ইসলাম। চিফ এডিটর মোঃ রেজন মিয়া। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর। ইমেইল: gunshikha1@gmail.
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।