
ডেস্ক রিপোর্টার
সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে পাকিস্তানকে গোল বন্যায় ভাসিয়ে দিয়েছে বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনের বিধ্বংসী হ্যাটট্রিকে লাল-সবুজের জার্সিধারীরা ৯-১ গোলের বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ। ম্যাচের ৮, ১৬, ৩৪ ও ৪০ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিকসহ একাই চার গোল পূর্ণ করেন সাবিনা খাতুন।
পুরো ম্যাচ ছিল একতরফা। বাংলাদেশের পক্ষে নওসন জাহান ১০ ও ১২ মিনিটে এবং কৃষ্ণা রানী সরকার ১৬ ও ৩২ মিনিটে দুটি করে গোল করেন। এছাড়া অন্য গোলটি আসে নিলুফা ইয়াসমিন নিলার পা থেকে। অন্যদিকে, ম্যাচের ৩৩ মিনিটে পাকিস্তানের পক্ষে একমাত্র সান্তনাসূচক গোলটি করেন আনমোল হীরা।
এই জয়ের ফলে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করল বাংলাদেশ। টুর্নামেন্টে এখন পর্যন্ত বাংলাদেশ অপরাজিত রয়েছে। উদ্বোধনী ম্যাচে ভারতকে ৩-১ গোলে হারিয়ে যাত্রা শুরু করার পর ভুটানের সাথে ড্র এবং এরপর নেপাল, শ্রীলঙ্কা ও সর্বশেষ পাকিস্তানকে হারিয়ে শিরোপার পথে একধাপ এগিয়ে গেল সাবিনার দল।
আগামী রোববার একই ভেন্যুতে মালদ্বীপের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সাত রাউন্ডের খেলা শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটিই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। সহ-সম্পাদক: মোঃ মাইদুল ইসলাম। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর।
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।