
ডেস্ক রিপোর্টার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যাপক প্রচারণার অংশ হিসেবে বন্দরনগরী চট্টগ্রামে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল শনিবার (২৪ জানুয়ারি) রাতে তিনি চট্টগ্রাম পৌঁছাবেন। পরদিন রোববার দিনব্যাপী সেখানে সাতটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, রোববার সফরের শুরুতে সকাল সাড়ে ৯টায় চট্টগ্রামের হোটেল রেডিসনে তরুণ প্রজন্মের সঙ্গে ‘পলিসি ডায়ালগ’ শীর্ষক এক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হবেন তারেক রহমান। এরপর বেলা ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে প্রধান নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন তিনি।
চট্টগ্রামের কর্মসূচি শেষ করে তিনি সড়কপথে ঢাকার দিকে রওনা হবেন এবং পথিমধ্যে আরও কয়েকটি জনসভায় অংশ নেবেন। এর মধ্যে রয়েছে— ফেনীর পাইলট কলেজ ময়দান, কুমিল্লার চৌদ্দগ্রাম ও সুয়াগাজী, কুমিল্লার দাউদকান্দি এবং নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠ। প্রতিটি স্থানেই দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এর আগে সিলেট থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেন তারেক রহমান। গত ২২ জানুয়ারি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করে টানা ১৬ ঘণ্টায় সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জে মোট ৭টি জনসভা শেষ করে গভীর রাতে তিনি ঢাকায় ফেরেন। দ্বিতীয় ধাপের এই সফরে চট্টগ্রাম বিভাগেও নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ রেজন মিয়া। সহ-সম্পাদক: মোঃ মাইদুল ইসলাম। লাইব্রেরি: তুফান ইনিস্টিউট। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর।
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।