সিলেট প্রতিনিধি
সিলেটের দক্ষিণ সুরমায় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হাতিটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে হাতিটির মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন বন বিভাগ।
বন কর্মকর্তারা জানান, দুর্ঘটনায় হাতিটির পেছনের দুই পা, লেজ ও মেরুদণ্ডে মারাত্মক আঘাত লাগে। উদ্ধার করে তাৎক্ষণিক চিকিৎসা শুরু করা হলেও তার অবস্থার কোনো উন্নতি হয়নি। শেষ পর্যন্ত আঘাতের জটিলতায় প্রাণীটি মারা যায়।
হাতিটির চিকিৎসায় যুক্ত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান আহমদ বলেন, মেরুদণ্ডে আঘাত পাওয়ায় হাতিটির পেছনের অংশ সম্পূর্ণ অবশ হয়ে গিয়েছিল। শরীরের একাধিক স্থানে গভীর ক্ষত ছিল। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
এর আগে শনিবার (১৭ জানুয়ারি) রাতে দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকায় রেললাইন পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রেন হাতিটিকে ধাক্কা দেয়। এতে হাতিটি রেললাইনের পাশে একটি ডোবায় পড়ে যায় এবং চলাচলে অক্ষম হয়ে পড়ে। খবর পেয়ে বন বিভাগ, প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রাণিসম্পদ বিভাগের সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান চালান।
বন বিভাগ জানায়, হাতিটির মালিক মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা কামরুল ইসলাম। তিনি জানান, একটি অনুষ্ঠানে অংশ নিতে হাতিটিকে সিলেটে আনা হয়েছিল। মাহুতসহ রেললাইন পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে, এতে মাহুতও আহত হন।
এই ঘটনার পর বন্যপ্রাণী পরিবহন ও রেলপথ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এডিটর মোঃ মাইদুল ইসলাম। চিফ এডিটর মোঃ রেজন মিয়া। কার্যালয়: মিঠাপুকুর, রংপুর। ইমেইল: gunshikha1@gmail.
© ২০২৬ সময়প্রবাহ। লেখার দায় লেখকের; স্বত্ব কর্তৃপক্ষের। ভুল বা বিতর্কে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।